চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় সড়কে ট্রাকসহ বেইলি সেতু ধসে যান চলাচল বন্ধ
রানিরহাট-কাউখালী সড়কে ট্রাকসহ বেইলীসেতু ধসে যান চলাচল বন্ধ।

রাঙ্গুনিয়ায় সড়কে ট্রাকসহ বেইলি সেতু ধসে যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৮ জুলাই, ২০২৬ | ৪:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ‎রাঙ্গুনিয়ার রানিরহাট-কাউখালী সড়কের সাহেব নগর এলাকায় স্টিলের বেইলি সেতু ট্রাকসহ ধসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টায় একটি অতিরিক্ত ইটবোঝাই ট্রাক পার হওয়ার সময় ধারণক্ষমতার অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


‎স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর দেড়টায় ইটবোঝাই ভারী ট্রাক সাহেব নগর এলাকার সেতুটি পারাপার হচ্ছিল। ট্রাকটি সেতুর মাঝপথে পৌঁছামাত্র বিকট শব্দে স্টিলের পাত ভেঙে পড়ে এবং ট্রাকটি আটকে যায়। ঘটনার পর থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


‎সড়কটি রাঙ্গুনিয়া ও কাউখালী অঞ্চলের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।


‎স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিগত কয়েকদিন পূর্বে নামমাত্র মেরামত করে দায় সাড়িয়েছেন রাঙামাটি সড়ক বিভাগ। যদি ব্রিজটি দ্রুত আবারো সচল করা না হয় তাহলে দুই উপজেলার মানুষ চলাচলের ভোগান্তি বাড়বে।


‎এবিষয়ে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রনেন চাকমা পূর্বকোণকে বলেন, স্টিলের বেইলি সেতুর মেরামত গত এক সপ্তাহ পূর্বে করা হয়েছে। কিন্তু কিছু অসাধু চালক নির্দেশনা অমান্য করে পাঁচটনের অধিক যানবাহন নিয়ে চলাচলের কারণে বারবার দুর্ঘটনায় যোগাযোগ ব্যাহত হচ্ছে।


‎তিনি জানান, ইতিমধ্যে যান চলাচল স্বাভাবিক করতে লোক ঘটনাস্থলে গিয়েছে। আগামীকাল রবিবারের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি নিশ্চিত করেন।

পূর্বকোণ/পিআর ‎

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট