চট্টগ্রামের কর্ণফুলীতে দাঁড়িয়ে থাকা দুটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দোলন কান্তি দে সুমন (৫২) নামে এক চালক নিহত হন। সে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি কেবি বাজার এলাকার সাধন চন্দ্র দে’র ছেলে।
আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার মইজ্জ্যারটেক গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫ টার দিকে শাহ আমানত সেতুর দক্ষিণপাশে মইজ্জ্যারটেক এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ















