চট্টগ্রামের রাউজানে অপহরণ ও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় নতুন মোড় এসেছে। যে ঘটনাকে কেন্দ্র করে কয়েকদিন আগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল, শেষ পর্যন্ত সেটি সাজানো নাটক বলে নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে, গত মঙ্গলবার মোবাইল ফোন মেরামতের কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের বাসিন্দা তানভীর। পরে পরিবারের কাছে ভিডিও কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় তানভীরের বোন রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
তবে পরবর্তী বৃহস্পতিবার রাতে তানভীর নিজেই বাড়িতে ফিরে জানান, তাকে কেউ অপহরণ বা আটক করেনি। তিনি স্বেচ্ছায় কক্সবাজারে চলে গিয়েছিলেন এবং পরিবারের সদস্যদের কাছে ভিডিও কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করার ঘটনাটি তিনিই পরিকল্পিতভাবে ঘটিয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে তানভীরের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। পরে আজ, শুক্রবার (১৭ জুলাই), তানভীর ও তার স্ত্রী রাউজান থানায় উপস্থিত হয়ে আগের অভিযোগ প্রত্যাহার করেন।
শুক্রবার রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “তানভীরকে কেউ অপহরণ বা আটক করেনি। তিনি নিজেই টাকা আদায়ের উদ্দেশ্যে অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিলেন। তার উপস্থিতিতেই আগের অভিযোগ বাতিল করা হয়েছে।”
ঘটনাটি প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশও এমন মিথ্যা নাটক সাজিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















