চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চুরির অভিযোগে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছেড়ে দিল এলাকাবাসী

চুরির অভিযোগে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছেড়ে দিল এলাকাবাসী

মিরসরাই সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৬ | ৮:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির অভিযোগে আটক এক যুবককে পুলিশের হাতে সোপর্দ না করে ব্যতিক্রমী পন্থায় ছেড়ে দিয়েছে এলাকাবাসী।

 

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ফকির আস্তানা এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম রেজাউল করিম (৩৫), তিনি মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।

 

আটকের পর তাকে মারধর বা পুলিশের হাতে তুলে না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা। স্থানীয়দের উপস্থিতিতে নিজের ভুল স্বীকার করার পর তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়। নামাজ শেষে তিনি ভবিষ্যতে আর কখনও চুরি বা কোনো অপরাধে জড়াবেন না বলে অঙ্গীকার করেন এবং তওবা করেন। এরপর তাকে মুক্তি দেওয়া হয়।

 

জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান এ বিষয়ে বলেন, “দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার তাকে ধরার পর আমরা তাকে শাস্তি দেওয়ার চেয়ে সংশোধনের সুযোগ দিতে চেয়েছি। সেই উদ্দেশ্যেই তাকে তওবা করিয়ে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়েছে”।

 

তবে বিষয়টি নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম। তিনি জানান, এই ঘটনা সম্পর্কে পুলিশকে আগে কেউ অবহিত করেননি। ওসি আরও উল্লেখ করেন, “চুরির অভিযোগে কাউকে আটক করা হলে তাকে অবশ্যই পুলিশের কাছে হস্তান্তর করতে হয়”। পুলিশ বর্তমানে বিষয়টি খতিয়ে দেখছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট