চট্টগ্রামের হাটহাজারীতে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত মোহাম্মদ আব্দুল্লাহ (৪৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত আব্দুল্লাহ মির্জাপুর ইউনিয়নের চারিয়া নয়াহাট বাজার এলাকার মৃত আমিনুল হকের পুত্র এবং তিন সন্তানের (দুই কন্যা ও এক পুত্র) জনক ছিলেন। তিনি চট্টগ্রামের চকবাজার এলাকার একটি কাপড়ের দোকানে চাকরি করতেন।
ঘটনা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে মির্জাপুর ইউনিয়নের বোর্ড স্কুল এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন আব্দুল্লাহ। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বোর্ড স্কুল নামক স্থানে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















