চট্টগ্রাম শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো: লণ্ডভণ্ড সুগন্ধা ও লাবণী পয়েন্ট, পর্যটকদের মধ্যে আতঙ্ক

কক্সবাজারে আকস্মিক টর্নেডো: লণ্ডভণ্ড সুগন্ধা ও লাবণী পয়েন্ট, পর্যটকদের মধ্যে আতঙ্ক

কক্সবাজার সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৬ | ৬:০৬ অপরাহ্ণ

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের লাবণী ও সুগন্ধা পয়েন্টে আকস্মিক এক মিনি টর্নেডো (ঘূর্ণিবাতাস) আঘাত হেনেছে।

 

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরের দিকে ধেয়ে আসা মাত্র দুই-এক মিনিটের এই তীব্র ঘূর্ণিবাতাসে সৈকতের ছাতা ও অস্থায়ী দোকানপাট উড়ে গিয়ে বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে যায়। আকস্মিক এই ঘটনায় সৈকতে অবস্থানরত পর্যটকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শী ও সৈকতের ব্যবসায়ীরা জানান, দুপুরের দিকে হঠাৎ আবহাওয়া পরিবর্তন হয়ে সমুদ্রের দিক থেকে একটি তীব্র ঘূর্ণি ঝড় সৈকতের দিকে ধেয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই বাতাসের প্রচণ্ড তোড়ে সৈকতের শতাধিক ছাতা (কিটকট) এবং ক্ষণস্থায়ী বিভিন্ন দোকানের মালামাল বাতাসে উড়তে শুরু করে। মাত্র কয়েক মিনিটের এই তাণ্ডবে লাবণী ও সুগন্ধা পয়েন্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আকস্মিক এই প্রাকৃতিক বিপর্যয় দেখে সৈকতে আনন্দ বিনোদনে ব্যস্ত হাজারো পর্যটক ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।

 

এ বিষয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসাইন জানান, “হঠাৎ করে দুপুরের দিকে সৈকতে তীব্র ঘূর্ণিবাতাস বা টর্নেডো আঘাত হেনেছে বলে আমরা জেনেছি। এতে সৈকতজুড়ে পর্যটকদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়।

 

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর সম্পর্কে কিছুই জানাতে পারেনি ট্যুরিস্ট পুলিশ।

পূর্বকোণ/সিজান

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট