কক্সবাজারের টেকনাফে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ও ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত মো. দেলোয়ার হোছাইনকে (২৩) গ্রেপ্তার করেছে লেদা এপিবিএন পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে লেদা ২৪ নম্বর ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোছাইন পশ্চিম লেদা এলাকার জামাল হোছনের ছেলে।
এপিবিএন সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পের একটি দোকানে তার অবস্থানের খবর পেয়ে লেদা এপিবিএন ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দেলোয়ার কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে ফোর্সের সহায়তায় তাকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে টেকনাফ থানায় ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, জোরপূর্বক ধর্ষণ ও সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন গুরুতর অপরাধে ৭টি নিয়মিত মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে লেদা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের ভয়ভীতি দেখিয়ে আসছিল এবং এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের জন্য পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
পূর্বকোণ/সিজান















