চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়া ও থানচিতে সেনা-বিজিবির বিশেষ মেডিকেল ক্যাম্পেইন

সাতকানিয়া ও থানচিতে সেনা-বিজিবির বিশেষ মেডিকেল ক্যাম্পেইন

থানচি ও কক্সবাজার সংবাদদাতা

১৫ জুলাই, ২০২৬ | ৮:৩৬ অপরাহ্ণ

অতি সম্প্রতি অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জনস্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার (১৫ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া এবং বান্দরবানের থানচিতে পৃথক দুটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে কয়েকশ দুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।

 

সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৮৫০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ প্রদান করা হয়েছে। এছাড়া বন্যাপরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বাসিন্দাদের মাঝে এক হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এক হাজার প্যাকেট খাবার স্যালাইন বিতরণ করা হয়।

 

পাঁচজন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমটি দিনব্যাপী রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে কক্সবাজার জেলার অন্যান্য বন্যাকবলিত উপজেলাগুলোতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

 

এদিকে বান্দরবানের থানচি উপজেলার টিএন্ডটি পাড়ায় বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ব্যাটালিয়নের আবাসিক চিকিৎসক মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত এই ক্যাম্পে বন্যায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসার পাশাপাশি ডায়রিয়া ও পানিবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

 

বলীপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য এলাকায় দুর্যোগ মোকাবিলা এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করছে বিজিবি। তিনি ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

সেনাবাহিনী ও বিজিবির এই সময়োচিত উদ্যোগ বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘব করার পাশাপাশি পানিবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদানে বদ্ধপরিকর।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট