চট্টগ্রামের মিরসরাই উপজেলার পৌরসদরে দিনদুপুরে এক স্কুল শিক্ষকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের তালা ভেঙে প্রবেশ করে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ১০টা থেকে দুপুর ১টার মধ্যে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজ রোডের বিপরীত পাশে জসিম উদ্দিন ভবনের একটি বাসায় এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী হামিদা সুলতানা খৈয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক। ভুক্তভোগী হামিদা সুলতানা জানান, সকালে তিনি এবং তার মেয়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাওয়ার পর বাসাটি তালাবদ্ধ ও ফাঁকা ছিল। দুপুর দেড়টার দিকে স্কুল থেকে ফিরে তিনি দেখেন ঘরের প্রধান ফটকের তালা ভাঙা এবং ভেতরের আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে আছে। তিনি আরও জানান, চোরের দল ড্রয়ারের তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। অনেক কষ্টে তিল তিল করে কেনা এসব সম্পদ হারিয়ে তিনি এখন দিশেহারা।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, চুরির খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে তিনি জানান।
পূর্বকোণ/সিজান/পারভেজ















