চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আনোয়ারায় হাত-পা বেঁধে গরু লুটের ১৫ দিন পর ডাকাত চক্রের তিন সদস্য ধরা 

আনোয়ারায় হাত-পা বেঁধে গরু লুটের ১৫ দিন পর ডাকাত চক্রের তিন সদস্য ধরা 

আনোয়ারা সংবাদদাতা

১৫ জুলাই, ২০২৬ | ৫:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি ডেইরি খামারে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন লুণ্ঠিত গরুর এক ক্রেতাও। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং তালা ভাঙার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলো- ইয়াছিন আরাফাত (২৬) ও আল মামুন তুষার লিটন (৩১) ও মো.মানিক হক (৪৫)।

 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার লাবিবা ক্লাবসংলগ্ন এলাকা থেকে ইয়াছিন আরাফাত ও আল মামুন তুষার লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া থেকে লুণ্ঠিত গরুর ক্রেতা মো.মানিক হককে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়,গত ২৯ জুন দিবাগত রাত ৩ টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বারশত ইউনিয়নের বণিকপাড়ায় ‘দীপক ডেইরি ফার্ম’-এ হামলা চালায়। ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকে খামারের মালিক দীপক মালাকার, তার স্ত্রী ও দুই কর্মচারীর হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। এরপর নগদ এক লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার এবং খামারে থাকা পাঁচটি গরু লুট করে পালিয়ে যায়। ঘটনার পর ২ জুলাই আনোয়ারা থানায় পেনাল কোডের ৩৯৫ ও ৩৯৭ ধারায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্তের একপর্যায়ে পুলিশ দুই ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই লুণ্ঠিত গরুর ক্রেতাকে শনাক্ত ও আটক করা হয়। গ্রেপ্তার দুই ডাকাতের কাছ থেকে একটি মাইক্রোবাস, একটি লোহার ছোরা, একটি তালা কাটার যন্ত্র এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও অস্ত্র আইনের মামলাসহ বিভিন্ন থানায় নয়টির বেশি মামলা রয়েছে। অপর আসামি আল মামুন তুষার লিটনের বিরুদ্ধেও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বেকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট