কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। বুধবার (১৫ জুলাই) সকালে মিঠাপানিরছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড লেঙ্গুর বিল জাঁহালিয়া পাড়া শমসু মিয়ার ছেলে মো. আজিজ খান (২৩) এবং টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের মৃত হোসেন আহমদের ছেলে নুরুল আমিন (৩৪)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আ.ম. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় মিঠাপানিরছড়া এলাকায় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়া হয়। সংকেত পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের পেছনে বসা নুরুল আমিনের কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
পূর্বকোণ/পিআর















