চট্টগ্রামের রাউজানে অস্ত্রধারীদের গুলিতে যুবদলকর্মী আলমগীর আলম ও মো. রিয়াদ হত্যা মামলার প্রধান আসামি কাজী বখতিয়ার হোসেন ওরফে বখতিয়ার ফকিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নানের আদালতে আত্মসমর্পণ করলে আদালত এই নির্দেশনা প্রদান করেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৫ অক্টোবর বিকেল ৫টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজানের চারাবটতলা বাজার সংলগ্ন কায়কোবাদ জামে মসজিদের সামনে একদল অস্ত্রধারী আলমগীর আলম ও তার সহযোগী সাইফুদ্দিন ওরফে রিয়াদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে প্রথমে আলমগীর এবং পরে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা যান। এই হত্যাকাণ্ডের ঘটনায় কাজী বখতিয়ার হোসেনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
আসামি কাজী বখতিয়ার এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার আদালতে শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিক আহমেদ এবং আইনজীবী নাজিম উদ্দিনসহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। অভিযুক্ত কাজী বখতিয়ার রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাজী বজল আহম্মদের ছেলে।
এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বখতিয়ার নামে একজন আদালতে আত্মসমর্পণ করেছেন বলে তারা জানতে পেরেছেন। তবে এ ব্যাপারে আদালত থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য থানায় পৌঁছায়নি বলে তিনি উল্লেখ করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ















