চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশের নিয়মিত তল্লাশি চলাকালীন একটি প্রাইভেটকার ধাওয়া করে দুটি দেশীয় এলজি (বন্দুক) উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা হোসাইন আহম্মেদ (৪২), কক্সবাজারের চকরিয়া উপজেলার আয়াত উল্লাহ (২৮) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মো. আসাদুজ্জামান (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, চুনতি চেকপোস্টে ঢাকাগামী একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে গাড়িটি ধাওয়া করলে চুনতি সরকারি মহিলা কলেজের গেটের সামনে সেটি থামে। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা দুটি দেশীয় এলজি রাস্তার পাশে ছুড়ে ফেলার চেষ্টা করলেও পুলিশ সেগুলো উদ্ধার করা হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা অস্ত্রগুলো কক্সবাজার থেকে কিনে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এই ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















