চট্টগ্রামের মিরসরাইয়ে মাদ্রাসা থেকে ফিরে নানির সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে নাঈমুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী উত্তরপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নাঈমুল ইসলাম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব বাকখালী গ্রামের ইমাম হোসেনের ছেলে। সে স্থানীয় সৈদালী নূরানী মডেল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে নানির সঙ্গে পুকুরে গোসল করতে যায় নাঈমুল। গোসল শেষে নানি তাকে ঘরে চলে যেতে বললেও, সবার অগোচরে সে আবারও পুকুরের পানিতে নেমে পড়ে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া শিল্পী জানান, পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















