কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, ১৬৫ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৬৬ হাজার ৬ শ টাকাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোর রাতে ক্যাম্প-২৪ লেদার বি ব্লকে এ অভিযান পরিচালিত হয়। আটক বশির আহমদ (৩২) ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৪ লেদা ক্যাম্পের বশির আহমদের শেডে বিশেষ অভিযান চালায়। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির বাম কুচি থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৬৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে শেডে তল্লাশি চালিয়ে ব্যবহৃত বিছানার বালিশের নিচে রাখা একটি চটের ব্যাগ থেকে সাদাকালো কাপড়ে মোড়ানো একটি দেশীয় একনলা বন্দুক (ওয়ান শ্যুটার গান) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অস্ত্র আইন অনুযায়ী টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















