চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

পেকুয়ায় বন্যার্তদের বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ সহায়তা

পেকুয়া সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৬ | ৫:২১ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উদ্যোগে পাঁচ শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

দেশের বন্যাকবলিত এলাকাগুলোর বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এবং কক্সবাজারের বিভিন্ন উপজেলা সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের কঠিন সময়ে বাংলাদেশ বিমান বাহিনী বরাবরের মতোই দেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বলে জানান বাংলাদেশ বিমান বাহিনী।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী ক্ষতিগ্রস্ত এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

এ সময় দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি থেকে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজারের উইং কমান্ডার মো. মোনোয়ারুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশ বিমান বাহিনী বন্যাদুর্গত মানুষের জন্য অব্যাহতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়াও, যেকোনো সময় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর রেসকিউ টিম এবং হেলিকপ্টারসমূহ সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে বিমান বাহিনীর ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলও চালু করা হয়েছে, যা যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

ত্রাণ বিতরণের সময় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের বিভিন্ন কর্মকর্তাগণ, পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইমরুল হাসান, রাজাখালী ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন, রাজাখালী ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এমরান আহমেদ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট