চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জমিতে কৃষি কাজ করতে এসে স্ট্রোক করে ভোলার মো. ইয়াসিন (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার বেতাগী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাত্তামার ঘোনা জানে বাপের বাড়ি নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াসিন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. জলিলের ছেলে। তিনি বর্ষা মৌসুমে কৃষিকাজ করতে তার ভগ্নিপতিসহ রাঙ্গুনিয়ায় এসেছিল। তার স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে দুইজন দিনমজুর ধানক্ষেতের আইল (পাড়) সংক্রান্ত কৃষি কাজ করতে যান। তাদেরকে গতকাল সোমবার (১৩ জুলাই) রোয়াজারহাট বাজার থেকে দিনমজুর হিসেবে চুক্তিতে এনে কাজে নিয়োগ দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই শ্রমিক স্থানীয় ইউছুফ ড্রাইভারের বাড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার সকালে কৃষিজমিতে কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯ টায় তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন পূর্বকোণকে জানান, নিহত কৃষকের মরদেহের আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর















