চট্টগ্রামের বোয়ালখালীতে ফটকের তালা ভেঙে বাড়ির আঙিনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে গেছে চোর।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাত ৪টার দিকে শাকপুরা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পশ্চিম শাকপুরা পেশকার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
অটোরিকশার মালিক বাবলা দাশ এ বিষয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
তিনি জানান, রাতে গাড়িটি (চট্টগ্রাম-থ-১৩-২৬২০) বাড়ির আঙিনায় পার্কিং করা অবস্থায় সীমানা প্রাচীরের ফটক তালা বদ্ধ ছিল। তার পরিবারের সকলে ঘুমিয়ে পড়লে ভোররাতে সেই ফটকের তালা ভেঙে গাড়িটি চালিয়ে পালিয়ে গেছে চোর।
বাবলা দাশ বলেন, সকালে আঙিনায় গাড়ি দেখতে না পেয়ে চুরি বিষয়টি বুঝতে পারি। পরে সিসিটিভির ফুটেজ দেখা যায়, ভোররাত চারটার দিকে চোর গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছে। চুরি যাওয়া গাড়ির মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
এর আগে ৭ জুলাই ভোরে শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনার বাপের টেক এলাকা থেকে রাশেদুল হকের সিএনজি অটোরিকশাটি (চট্টগ্রাম-থ-১৪-৪৪৮১) চুরি হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘সিএনজি অটোরিকশা চুরি বিষয়ে অভিযোগ পেয়েছি। গাড়ি উদ্ধারে পুলিশ কাজ করছে।’
পূর্বকোণ/পিআর















