কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে ফিশিং ট্রলার ডুবে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত উদ্ধার জেলেরা হলেন, উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (১৮), আবুল কাশেমের ছেলে মো. করিম (২০), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২৩), আলী আকবর ডেইল হায়দার পাড়ার কামাল উদ্দিন (৪৫)। তবে এখন পর্যন্ত নাছির উদ্দিন (১৮) নামের পেকুয়ার এক জেলে নিখোঁজ রয়েছে।
সোমবার (১৩-জুলাই) রাত ৮টার দিকে ডুবে যাওয়া ওই ফিশিং ট্রলারের ভেতরে আটকে পড়া মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোমবার (১৩-জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ অমজাখালীর নুরুল আবছারের মালিকানাধীন এফবি ফকিরা মসজিদ নামে একটি ফিশিং ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে ডুবে যায়।
দুর্ঘটনার পর ট্রলারের ৭ জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলো ৫ জেলে। তাদের তল্লাশির এক পর্যায়ে সোমবার বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়। উদ্ধার পরবর্তী এটি ঘাটে নিয়ে আসলে ট্রলারের ভেতর থেকে ওই চার জনের মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত সবাই অমজাখালী এলাকার। মরদেহগুলো উদ্ধারের পর হাসপাতালে নেয়া হয়েছে। আইনগত পক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ
















