কর্ণফুলীতে দুইদিন ধরে নিখোঁজ হওয়া মো. সোলেমান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০ টায় বোয়ালখালী উপজেলার ভান্ডালজুড়ি এলাকায় কর্ণফুলী নদী থেকে স্থানীয়রা এ লাশ উদ্ধার করেন।
নিহত সোলেমান রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা লোকমান মিস্ত্রীর বাড়ি এলাকার বাসিন্দা বদিউল আলমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকাল সাড়ে ৮টায় সোলেমান ও তার বড় ভাই আব্দুল হালিম (৩০) একটি ডিঙ্গি নৌকায় করে নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে যান।
এ সময় নদীর তীব্র স্রোতের মুখে পড়ে নৌকাটি উল্টে গেলে দুই ভাই পানিতে পড়ে যান। পরে আশপাশে থাকা অন্য লাকড়ি সংগ্রহকারীরা আব্দুল হালিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় সোলেমান মুহূর্তেই প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে জান।
দুর্ঘটনার ভয়াবহ সেই মুহূর্তের বর্ণনা দিয়ে বড় ভাই আব্দুল হালিম বলেন, ছোট ভাই নৌকার পানি সেচ দিচ্ছিল এবং কিনারার দিকে আসার সময় নৌকাটি হঠাৎ একদিকে কাত হয়ে যায়।
তিনি আরও জানান, সাঁতার না জানা ভাইকে বাঁচানোর অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভাই কূলে উঠতে পারেনি। প্রবল স্রোতে নৌকাটিসহ শেষ পর্যন্ত ডুবে যায়।
ডুবে যাওয়ার সময় ছোট ভাই তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল এবং এতে তিনিও পানির নিচে তলিয়ে যান। অনেকক্ষণ পর এক জেলে তাকে উদ্ধার করেন, কিন্তু সোলেমানকে আর খুঁজে পাওয়া যায়নি।
তবে সোলেমান নিখোঁজ হওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন।কর্ণফুলী নদীর তীব্র স্রোতের কারণে দীর্ঘ সময় অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি।
অবশেষে সোমবার সকালে বোয়ালখালীর ভান্ডালজুড়ি এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হলে স্বজনরা গিয়ে সেটি সোলেমানের বলে শনাক্ত করেন।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ কর্মকর্তা অর্জুন বাড়ৈ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও স্রোত বেশি থাকায় সেদিন সোলেমানকে খুঁজে পাওয়া যায়নি।
সোমবার সকালে ভান্ডালজুড়ি এলাকা থেকে মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা রাঙ্গুনিয়ায় মরদেহ নিয়ে আসেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হিলাল উদ্দিন আহমদ জানান,নিখোঁজ সোলেমানের মরদেহ কর্ণফুলী নদীর বোয়ালখালী থেকে উদ্ধারের পর বিকেলে লাশের দাফন কাফন সম্পন্ন হয়েছে বলে জানান পরিবারের স্বজনরা ।
পূর্বকোণ/রাকিব/পারভেজ
















