চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম।
এ সময় তিনি বলেন, উপকূলীয় এলাকার বেড়িবাঁধ সংস্কারের জন্য চলতি বাজেটে বরাদ্দকৃত অর্থের কোনো ধরনের অনিয়ম বা লুটপাট হতে দেওয়া হবে না।
রবিবার (১২ জুলাই) দুপুরে আনোয়ারার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দুর্যোগের এই সময়ে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তাই দোষারোপের রাজনীতি না করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি দল-মত নির্বিশেষে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা, জাতীয় বাজেট এবং চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে সংসদে বারবার আলোচনা হয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানানো হলেও বাস্তবে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।
আনোয়ারার উপকূলীয় এলাকার বেড়িবাঁধের বেহাল অবস্থার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে শতশত পরিবার পানিবন্দি থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের তৎপরতা যথেষ্ট ছিল না। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, বেড়িবাঁধের ত্রুটির কারণেই প্রতিবছর কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
তিনি অভিযোগ করেন, অতীতে বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দকৃত অর্থের অপব্যবহার ও দুর্নীতি হয়েছে। তবে চলতি অর্থবছরে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় এবং দ্রুত কাজ সম্পন্নের বিষয়টি সংসদে জোরালোভাবে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
এনসিপির আহ্বায়ক আরও জানান, আনোয়ারায় ত্রাণ কার্যক্রম শেষে বাঁশখালীসহ দেশের অন্যান্য বন্যাদুর্গত এলাকাতেও দলের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
এসময় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যাদুর্গত এলাকায় চিকিৎসাসহ জরুরি সহায়তা নিশ্চিত করতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/পিআর















