কক্সবাজারের টেকনাফ পৌরসভায় পাহাড় থেকে পড়ে গুরুতর আহত মা হাতিটির মৃত্যু হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে হাতিটি মারা যায় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন।
এর আগে শনিবার (১১ জুলাই) দুপুর প্রায় ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় ৩০০ ফুট উঁচু থেকে হাতিটি পড়ে যায়।
বন বিভাগের তথ্য অনুযায়ী, হাতিটি পাহাড় থেকে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিল। এতে তার মেরুদণ্ড ভেঙে যায় এবং পেটে গুরুতর আঘাত লাগে। বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সম্মিলিত চেষ্টায় রাতভর চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয়রা বলেন, ধারণা করা হচ্ছে, পাহাড়ে খাবার খাওয়ার সময় বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পা পিছলে নিচে পড়ে যায় হাতিটি। গুরুতর আহত হয়ে হাতিটি আর উঠে দাঁড়াতে পারেনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, আহত হাতিটির পেছনের দুটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া পেটেও গুরুতর আঘাত ছিল। দুর্গম অবস্থানের কারণে ঘটনাস্থলেই চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়।
তিনি আরও জানান, হাতিটির মৃত্যুর ঘটনায় একটি তদন্ত দল গঠন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বন বিভাগের তত্ত্বাবধানে প্রাণীটিকে মাটিচাপা দেয়া হবে।
পূর্বকোণ/পিআর
















