চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চট্টগ্রাম জেলা কার্যালয়।
শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে পুরাতন কর্ণফুলী উপজেলা পরিষদের সামনে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লানপাড়া মাতবর বাড়ির মোহাম্মদ ইদ্রিস ও তার স্ত্রী রুবি আক্তার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে হানিফ পরিবহনের একটি বাসের ভেতর থেকে এক দম্পতিকে তল্লাশি করে রুবি আক্তারের শরীরে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় পেঁচিয়ে রাখা ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার স্বামী মোহাম্মদ ইদ্রিসকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে ইয়াবা সরবরাহ করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা তাদের আট মাস বয়সী সন্তানকে সঙ্গে রাখতেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের মূলহোতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পূর্বকোণ/পিআর
















