কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মো. মুবারক নামের এক সিএনজি চালককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১১ জুলাই) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুবারক হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জাদীমুরা এলাকার ছৈয়দ আলীর ছেলে।
র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা আ ম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাদীমুরা বাজার থেকে টেকনাফ অভিমুখে সিএনজি যোগে ইয়াবার একটি বড় চালান যাওয়ার গোপন সংবাদ পায় র্যাব। এই সংবাদের ভিত্তিতে বরইতলীস্থ পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে জাদীমুরার দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজিকে সিগন্যাল দিয়ে থামানো হয় এবং চালক মো. মুবারককে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজি গাড়িটিও জব্দ করা হয়েছে। আটক ইয়াবা কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।
পূর্বকোণ/সিজান/পারভেজ















