চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নৌকা উল্টে মো. সোলেমান (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টায় উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ সোলেমান পূর্ব সরফভাটা লোকমান মিস্ত্রীর বাড়ি এলাকার বদিউল আলমের ছেলে।
নিখোঁজের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোলেমান ও তার বড় ভাই আব্দুল হালিম ডিঙি নৌকা নিয়ে নদীতে স্রোতে ভেসে আসা লাকড়ি ধরতে যান। এ সময় নদীর তীব্র স্রোতের মুখে পড়ে তাদের নৌকাটি দ্রুত উল্টে যায়। এতে দু’জনেই পানিতে তলিয়ে যায়। এরমধ্যে বড় ভাই আব্দুল হালিমকে আশেপাশে থাকা অন্য লাকড়ি সংগ্রহকারীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পারলেও সোলেমান মুহূর্তের মধ্যেই পানির প্রবল স্রোতে তলিয়ে হারিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের টিম।
ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান বলেন, খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়েছি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। বিষয়টি আমাদের উর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। নিখোঁজ যুবককে উদ্ধারে দ্রুত একটি বিশেষ ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দিচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ সোলেমানকে উদ্ধারে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/নুসরাত/এএইচ













