চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ আজম (৩৮) নামে এক দর্জিকে তার মেয়ের সামনেই নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি নিহতের আপন বড় ভাই মো. আলী আকবরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গড়দুয়ারা এলাকা থেকে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলী আকবর মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খলিফা পাড়া এলাকার মরহুম নূরুল ইসলামের পুত্র। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম তৎপর ছিল।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে আসামি আলী আকবর গড়দুয়ারা এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছেন। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















