টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও সাগরের জোয়ারে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তিনি উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী লাউব্বার দোকান সংলগ্ন জেলে পাড়ায় পৌঁছান। এ সময় তিনি বন্যাকবলিত মানুষের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখতে নিজের পরনের পাঞ্জাবি খুলে গেঞ্জি গায়ে দিয়েই কোমর সমান পানিতে নেমে পড়েন। তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কষ্টের কথা শোনেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা প্রদান করেন।
পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য”। বাঁশখালীতে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে তিনি এই সংকট মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি এবং সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
সরকারের কঠোর সমালোচনা করে জামায়াত আমীর বলেন, যারা জনগণের সম্পদ চুরি ও লুটপাট করেছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে, তারা দেশের বন্ধু নয় বরং শত্রু।
তিনি আরও অভিযোগ করেন যে, যারা ক্ষমতায় রয়েছে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। বিরোধী দল হিসেবে তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
পরবর্তীতে তিনি বাঁশখালী উপজেলার বানীগ্রাম কুইনজ ক্লাবেও বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহজাহান, চট্টগ্রাম মহানগর আমীর পরিবেশবিদ নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।
এছাড়াও চট্টগ্রাম আঞ্চলিক টিমের পরিচালক অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, ডাকসুর জিএস এস. এম. ফরহাদসহ জামায়াত ও শিবিরের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ















