বৈরী আবহাওয়ায় নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ শুক্রবার (১০ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানবিক সহায়তা প্রদান করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া কিংবা জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।
তিনি আরও বলেন, কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সপ্তাহব্যাপী চলমান প্রবল বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের সঙ্গে নৌযোগাযোগ ব্যাহত হওয়ায় প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে সমস্যায় পড়া ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও উপকূলীয় এলাকাসমূহে দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে যোগ করেন এই কোস্টগার্ড কর্মকর্তা।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ















