কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় একটি পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আট হাজার ইয়াবাসহ মো. ফয়সাল (৪১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক কেন্দ্রের দক্ষিণ পাশের সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী এই অভিযান চালান।
পুলিশ জানায়, টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান পিকআপ যোগে কক্সবাজার শহরের দিকে আসার গোপন সংবাদের ভিত্তিতে এই তল্লাশি চৌকি বসানো হয়। ওসির নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ওই সড়কে চেকপোস্ট পরিচালনা করার সময় সন্দেহভাজন একটি পিকআপ গাড়িকে থামায়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে চালক ফয়সাল নিজের হাতে পিকআপের সামনের বাম্পারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেন। এ সময় মাদক বহনে ব্যবহৃত পিকআপ ভ্যান এবং যোগাযোগে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার চালক মো. ফয়সাল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুরান পাড়া এলাকার মৃত জহির আহম্মদ ড্রাইভারের ছেলে। পুলিশি অনুসন্ধানে জানা গেছে, ফয়সাল একজন পেশাদার মাদক চোরাকারবারি। এর আগেও ২০২২ সালের ৫ এপ্রিল ঢাকার আশুলিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল, যার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষ করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















