চট্টগ্রাম শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চুয়েটের আবাসিক হলে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক

চুয়েটের আবাসিক হলে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক

রাউজান সংবাদদাতা

১০ জুলাই, ২০২৬ | ৭:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাইদ হলে অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ ৯ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হলের ৫২৯ নম্বর কক্ষে এই অভিযান চালানো হয়।

 

আটককৃত শিক্ষার্থীদের মধ্যে ২০২১–২২ শিক্ষাবর্ষের দুইজন, ২০২২–২৩ শিক্ষাবর্ষের পাঁচজন এবং ২০২৩–২৪ শিক্ষাবর্ষের দুইজন শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে চারজন শহীদ আবু সাইদ হলের আবাসিক শিক্ষার্থী। বাকিদের মধ্যে তিনজন মুক্তিযোদ্ধা হলের, একজন ড. কুদরাত-ই-খুদা হলের এবং একজন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক ছাত্র বলে জানা গেছে।

 

শহীদ আবু সাইদ হলের সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল রিফাত জানান, শিক্ষার্থীদের একটি সমস্যা সমাধানের জন্য তারা ওই রাতে হলে গিয়েছিলেন। পরে সন্দেহজনক একটি কক্ষে তল্লাশি চালালে কয়েকজন শিক্ষার্থীকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায় এবং সেখান থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

 

ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, মাদক ও র‍্যাগিংয়ের বিষয়গুলোকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে। আটক শিক্ষার্থীদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং আগামী রবিবার স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন আরও জানিয়েছে যে, আবাসিক হলগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদকবিরোধী কার্যক্রম জোরালো করতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট