টেকনাফে বিজিবির একটি আভিযানিক দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে মিয়ানমারে পাচারের সময় মালিকবিহীন অবস্থায় ৩৩ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে।
শুক্রবার (১০ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০ জুলাই ভোর রাতে দমদমিয়া বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে নাফ নদীর কিনারায় হস্তচালিত কাঠের নৌকাসহ মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার জব্দ করা হয়।
পরবর্তীতে, একই সময়ে কতিপয় চোরাকারবারি বাংলাদেশ হতে বিপুল পরিমাণ সার নাফ নদী দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করে। পরে ওমরখাল সংলগ্ন নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় হস্তচালিত কাঠের নৌকাসহ মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় আরও ২৩ বস্তা সার জব্দ করা হয়। পৃথক দুটি অভিযানে সর্বমোট ৩৩ বস্তা সার এবং ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/রাকিব















