রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে দুই দিন ধরে আটকে পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। তবে ঝুঁকি বিবেচনায় সাজেক ভ্রমণ সাময়িক বন্ধ রয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে করে পর্যটকরা সাজেক ত্যাগ করেছেন, সাড়ে ১১টার দিকে তারা খাগড়াছড়ি পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন সাজকে রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুর্পণ দেব বর্মণ।
তিনি বলেন, “টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে যাওয়া সড়ক থেকে পানি নেমে যাওয়ায় আটকে পড়া সব পর্যটকরা আজকে (শুক্রবার) সকালে সাজেক থেকে নেমে গেছে। আটকে পড়া ৬০০ পর্যটকের মধ্যে গতকালকেই (বৃহস্পতিবার) ১৫০ জন চলে যাওয়ার পর বাকিরা আজকে চলে গেছেন। সাজেকে আর কোনো পর্যটক নেই।”
এর আগে টানা বর্ষণে পর্যটকদের ঝুঁকি বিবেচনায় মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। কিন্তু সোমবার ও মঙ্গলবার সকালে যে পর্যটকরা সাজেক ভ্রমণ গিয়েছিলেন তারা সেখানে আটকে পড়েন। টানা বর্ষণে সড়কের দুইটি অংশ তলিয়ে যাওয়ার ফলে তারা ফিরতে পারেননি।
পূর্বকোণ/ইবনুর














