কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে আহত আবুল হাশেম (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়ে তার বড় ভাই নুরুল আজিম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) দুপুর ২টায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নুরুল আজিমের সাথে তার ভাতিজা মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ রাসেলের সাথে কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়। এ সময় বড় ভাইকে বাঁচাতে ছোট ভাই আবুল হাসেম এগিয়ে এলে দুই ভাইকে মারধর ও ছুরিকাঘাত করে ভাতিজা সোহেল ও রাসেল। ছুরিকাঘাতে আবুল হাশেম গুরুতর আহত হন। তার পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়।
আহত অবস্থায় তাদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুই ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে তিনদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে আবুল হাসেম মারা যান। বড় ভাই নুরুল আজিম এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
নিহত আবুল হাশেম পূর্ববড় ভেওলা ইউনিয়নের মরহুম ইউছুফ আলীর ছেলে।
তিনি চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকার মোহাম্মদ গুরা মিয়া সওদাগরের জামাতা এবং তিন সন্তানের জনক ছিলেন।
এ ঘটনায় আহত নুরুল আজিমের স্ত্রী পারভীন আকতার মুন্নি বলেন, আমার স্বামী ও দেবরকে তাদের ভাই নুর মোহাম্মদ ও ভাতিজা সোহেল এবং রাসেল ছুরিকাঘাত করেছে। আমি তাদের কঠোর শাস্তি দাবি করছি। এ ঘটনায় চকরিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ জানান, ছুরিকাহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/আরআর/এএইচ















