চট্টগ্রামের আনোয়ারায় টানা কয়েক দিনের বৃষ্টির পানিতে ডুবে মো. ইশতিয়াক (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বরুমছড়া ইউনিয়নের নলদিয়া ৪ নম্বর ওয়ার্ডের হাসান সর্দ্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইশতিয়াক ওই এলাকার মো. ইদ্রিসের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয় ইশতিয়াক। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের অতিবৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া একটি ডোবা-সংলগ্ন জমি থেকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. আনোয়ার বলেন, ইশতিয়াককে খুঁজে না পেয়ে আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। পরে বাড়ির পাশের পানিতে তলিয়ে থাকা একটি জমি থেকে তাকে উদ্ধার করি। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা জানান,হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/সিজান














