চট্টগ্রামের চন্দনাইশে শঙ্খ নদীতে পাহাড়ী ঢলের প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে আবদুল আলম (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জুলাই) দিবাগত ভোররাতে শঙ্খ নদীর কাটগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ আবদুল আলম কালিয়াইশ মাইঙ্গাপাড়া এলাকার ভেট্টা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। তার আবদুল মজিদ (১০) ও আবদুল লতিফ (৮) নামে মাদরাসা পড়ুয়া দুই সন্তান রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে এলাকার মোরশেদ, কাদের ও ফরমানসহ আবদুল আলম শঙ্খ নদী থেকে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে নৌকা নিয়ে নদীতে নামেন। পাহাড়ী ঢলের কারণে নদীতে তখন প্রচণ্ড স্রোত ছিল। লাকড়ি সংগ্রহের এক পর্যায়ে ভোরে আবদুল আলম নৌকার সামনের অংশ (মাথি) থেকে হঠাৎ ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান। প্রবল স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। এরপর তার সাথে থাকা সঙ্গীরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ আলমের বড় ভাই নুরুল ইসলাম জানান, ভোরে নদীতে নামার পর এই দুর্ঘটনা ঘটে এবং এখনো তার ভাইয়ের কোনো খোঁজ মেলেনি। স্থানীয় ইউপি সদস্য মো. জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, শঙ্খ নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া আবদুল আলমকে খুঁজে পেতে স্থানীয়রা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন।
পূর্বকোণ/সিজান















