দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিনে চট্টগ্রাম সিলেট ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি বা অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভনের স্বাক্ষর করা পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই, ধলাই ও কুশিয়ারা নদীর কয়েকটি পয়েন্টে পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপরে রয়েছে। আগামী দুই দিন চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগসহ সংলগ্ন ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের সাঙ্গু ও মাতামুহুরী অববাহিকায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। একই সময়ে ফেনী, খাগড়াছড়ি ও চট্টগ্রামের কয়েকটি নদীতে পানি বেড়ে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
পূর্বকোণ/আদর















