চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পাহাড়ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ, গাছ পড়ে আহত ২ 

৯ জুলাই, ২০২৬ | ১:১৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের মতিপাড়ায় পাহাড়ধসে যানচলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পড়েছে সাধারণ যাত্রী ও এলাকাবাসী।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টায় উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

 

ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান, পাহাড়ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প ভাঙা সড়ক দিয়ে যাতায়াত করছে।

 

বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ জানান, চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের মতিপাড়ায় পাহাড়ধসে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু হালকা যানবাহন বিকল্প পথ হিসাবে ডংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছেন।

 

অন্যদিকে কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ানের পুরাতন থানার পিছনে পাহাড়ধসে গাছ পড়ে জশি মারমা (৭৫) ও উসি মং মারমা (২৫) নামে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

 

শাজাইন প্রু মারমা নামে একজন জানান, গতকাল বুধবার বসতভিটার ওপর বড় গাছ পড়ার কারণে একটি গৃহপালিত পশু আহত হয়েছে। এলাকার লোকজন আতঙ্কের মধ্যে আছে।

 

চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন মিলন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট