কক্সবাজারের রামু উপজেলায় ফুলেশ্বরী খালের পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মোহাম্মদ সাজেদ (১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
আজ বুধবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সাজেদ ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুবিন নিখোঁজের স্বজনদের বরাতে জানান, গত কয়েকদিনের টানা ভারী ও অতিভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলেশ্বরী খাল ও স্থানীয় প্রাকৃতিক ছড়াগুলোতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে খালের পাড়ে স্থানীয় লোকজনের সাথে শিশু সাজেদও ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করছিল। একপর্যায়ে খালের পানির তীব্র স্রোতে সে ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের কারণে ব্যর্থ হন।
নিখোঁজ শিশুর মামা মামুন মিয়া জানান, ঘটনার পরপরই খালের ভাটি এলাকাসহ নিম্ন অঞ্চলের বিভিন্ন পয়েন্টে স্বজন ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে খালের তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বুধবার রাত ১০টা পর্যন্ত চারদিকে ব্যাপক খোঁজাখুঁজি করেও নিখোঁজ সাজেদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পূর্বকোণ/সিজান/পারভেজ















