চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী বাজারে নিম্নমানের অননুমোদিত বীজ বিক্রির দায়ে ‘মেসার্স কৃষি ভান্ডার’ নামের একটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জুলাই) এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান।
অভিযান চলাকালীন বীজ আইন ২০১৮ অনুযায়ী দোকান মালিক মো. আলী মৃধাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট দোকান থেকে আনুমানিক ৩৫ হাজার টাকা মূল্যের নিম্নমানের বীজ জব্দ করা হয়েছে। অভিযানে ম্যাজিস্ট্রেটের সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন এবং জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, “বীজ বুনার সাথে সাথে একজন কৃষক শুধু মাঠ চাষই করেন না, বরং তার পরিবারের আর্থিক স্বাধীনতার স্বপ্ন বুনন করেন। বীজ যদি নিম্নমানের হয়, তবে কৃষকের সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এবং তাদের ক্ষতির আর কোনো সীমা থাকে না।” তিনি আরও জানান যে, জনস্বার্থে এবং কৃষকদের সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















