টানা ভারী বর্ষণে সৃষ্ট বিরূপ পরিস্থিতি এবং দুর্ঘটনার আশঙ্কায় বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১২ জুলাই (রবিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পর্যটক ও সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ জুলাই পর্যন্ত জেলার সমস্ত পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নৌপথ এবং দুর্গম এলাকাগুলোতে পর্যটকদের ভ্রমণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এছাড়া ট্যুর অপারেটরদেরও এই সময়কালে সকল প্রকার পর্যটন কার্যক্রম থেকে বিরত থাকতে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য যে, এর আগে গত ৬ জুলাই এ সংক্রান্ত একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বর্তমান পরিস্থিতির অবনতি হওয়ায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হলো। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাদিউল ফেরদৌস স্বাক্ষরিত এই আদেশে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















