কক্সবাজারের উখিয়ায় মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি এলাকা থেকে প্রায় একই আকৃতির দুটি বিশাল বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক ভারী বর্ষণ এবং প্রাকৃতিক আবাসস্থলের পরিবেশগত পরিবর্তনের কারণে বন্যপ্রাণীগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসছে।
প্রথম উদ্ধার অভিযানটি চালানো হয় মঙ্গলবার (৭জুলাই) রাত ৮টায় উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ক্লাসাপাড়া এলাকার একটি বসতবাড়ি থেকে। সেখান থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়। এর ঠিক ১৬ ঘণ্টা পর, বুধবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকা থেকে একই আকৃতি ও ওজনের আরও একটি অজগর উদ্ধার করে বন বিভাগ।
ক্যাম্প-৪ এক্সটেনশনের ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ আল ইমরান বিষয়টি বন বিভাগকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করেন।
উখিয়া রেঞ্জ বন বিভাগের দৌছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি জানান, উদ্ধারকৃত সাপগুলো সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে বন বিভাগের বিধি অনুযায়ী সাপগুলোকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়েছে।
উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শাহীনুর রহমান বলেন, বার্মিজ অজগর একটি সংরক্ষিত বন্যপ্রাণী এবং পরিবেশের জীববৈচিত্র্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “কোনো বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বা সেটিকে আঘাত না করে দ্রুত বন বিভাগকে খবর দিন”। বন্যপ্রাণী সুরক্ষায় জনসচেতনতা এবং বন বিভাগের সঙ্গে দ্রুত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ















