কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে দুই মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন।
বুধবার (৮ জুলাই) বিকাল ৩টায় উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
তিনি বলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এ পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছ। উদ্ধার কাজ চলমান রয়েছে।
রোহিঙ্গা মাঝি ইলিয়াস মিয়া জানান, বুধবার সকাল থেকেই টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৫-এর একটি সাব-ব্লকে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় একটি মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়েছে। স্থানীয় রোহিঙ্গারা তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫’র ইনচার্জ মোহাম্মদ আব্দুর রউফ জানান, পাহাড় ধসে আটকা পড়া মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্ধারকাজ চলমান রয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে ক্ষয়ক্ষতি ও বিস্তারিত তথ্য জানানো হবে।
পূর্বকোণ/এএইচ















