চট্টগ্রাম বুধবার, ০৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

আর্জেন্টিনা সমর্থকেরও মাথা ফাটিয়ে দিল ব্রাজিল সমর্থক

মিরসরাইয়ে ব্রাজিল সমর্থকের নাক ফাটালো আর্জেন্টিনা সমর্থক

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই

৮ জুলাই, ২০২৬ | ১২:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে আর্জেন্টিনা–মিশর ফুটবল ম্যাচ দেখা নিয়ে বাকবিতণ্ডার জেরে ব্রাজিল সমর্থক ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের দুই সমর্থক আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে উপজেলার কাটাছর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু (৩৫) ও আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব (২০)। ব্রাজিল সমর্থক মিঠুর নাকে ও চোখে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ১০ টায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ চলাকালে মিশর গোল করলে ব্রাজিল সমর্থক মাঈনুদ্দিন মিঠু উল্লাস প্রকাশ করেন। এ নিয়ে আর্জেন্টিনা সমর্থক সাকিবের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং মারামারিতে রূপ নেয়। এতে মিঠুর নাক ফেটে যায় এবং চোখে আঘাত লাগে। এছাড়া সাকিবের মাথা ফেটে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ব্রাজিল সমর্থক মিঠুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজু সিংহ বলেন, ‘খেলা নিয়ে বাকবিতণ্ডার জেরে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার নাকে ও চোখে গুরুতর আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট