কক্সবাজারের উখিয়ায় অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে পড়ে মো. মানিক (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের জামবাগান নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জামবাগান এলাকার বাসিন্দা মো. এখলাসের বাড়িতে দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ ঘরের একটি মাটির দেয়াল ধসে পড়ে। সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে দেয়ালটি আগে থেকেই নরম ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল বলে ধারণা করা হচ্ছে। দেয়াল ধসে পড়ার সাথে সাথে মানিক মাটির নিচে চাপা পড়েন।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে মাটির স্তূপ থেকে উদ্ধার করেন। পরে দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন ৩ নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইমরুল কায়েস চৌধুরী। তিনি বলেন, অতিবৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।। নিহতের পরিবারকে পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ















