তিনদিনের টানা প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পর্যটন কেন্দ্রগুলোতে আটকে পড়া ৭৮ জন পর্যটককে সফলভাবে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে তিন্দু, রেমাক্রি, বড়পাথর এবং নাফাকুম এলাকা থেকে পাঁচটি শক্তিশালী ইঞ্জিনচালিত নৌকার সাহায্যে তাদের থানচি সদরে নিয়ে আসা হয়।
উপজেলা প্রশাসন, বিজিবি, দমকল বাহিনী, পর্যটক গাইড ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। সাঙ্গু নদী ও রেমাক্রি খালের পানি বৃদ্ধি পাওয়ায় প্রচণ্ড স্রোতের কারণে এসব পর্যটক আটকা পড়েছিলেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল জানিয়েছেন, উদ্ধারকৃত পর্যটকরা বর্তমানে নিরাপদ রয়েছেন এবং তাদের জেলা সদরে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বর্তমানে সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী—এই তিনটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে বান্দরবান শহরের নিম্নাঞ্চল প্লাবিত।
পরিস্থিতি মোকাবিলায় সাতটি উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া, প্রবল বৃষ্টিতে পাহাড় ধসের কারণে বান্দরবানের সাথে বগালেক-কেওক্রাডং সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















