চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সুখের খোঁজে ওমান, পঙ্গুত্ব নিয়ে দেশে ফিরে মৃত্যু জামালের

সুখের খোঁজে ওমান, পঙ্গুত্ব নিয়ে দেশে ফিরে মৃত্যু জামালের

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৭ জুলাই, ২০২৬ | ৭:১৯ অপরাহ্ণ

সুখের আশায় ঋণ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার যুবক মো. জামাল উদ্দিন (৩৯)। কিন্তু সেই সুখ আর ধরা দেয়নি; উল্টো ভয়াবহ এক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার (৭ জুলাই) ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

নিহত জামাল রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল ৭ নম্বর ওয়ার্ডের বাদামতলী এলাকার মো. হোসেনের ছেলে। ওই দিন সকালেই স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে ধার-দেনা করে ওমানে গিয়েছিলেন জামাল। সেখানে তিনি এসি-ফ্রিজ মেরামত ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। গত বছরের ডিসেম্বরে ওমানের আল আমরাত এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এই দুর্ঘটনায় তার মেরুদণ্ড ও পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে তার শরীরে পক্ষাঘাত (প্যারালাইসিস) দেখা দেয়।

 

ওমানের স্থানীয় হাসপাতালের আইসিইউতে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসার বিপুল ব্যয়ভার বহন করা এবং সাধারণ বিমানে করে তাকে দেশে ফিরিয়ে আনা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। পরবর্তীতে জামালের এই করুণ অবস্থার কথা গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় বাসিন্দা, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সামাজিক সংগঠন তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সবার ঐকান্তিক প্রচেষ্টায় তাকে দেশে ফিরিয়ে এনে চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট