টানা ভারী বর্ষণে চট্টগ্রামের লোহাগাড়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সোমবার পুরোদিন উপজেলাটি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। লাগাতার বৃষ্টিতে খাল-বিল, ছড়া ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও কৃষিজমি তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার আধুনগর, চুনতি, বড়হাতিয়া, পুটিবিলা, কলাউজান, চরম্বা ও আমিরাবাদসহ বিভিন্ন নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে দেখা গেছে। আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, তলু নদীর ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকে বড়ুয়া পাড়াসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া হাতিয়ার খাল ভেঙে সিকদার পাড়া প্লাবিত হওয়ার পাশাপাশি উত্তর হরিণা ওয়া পাড়ায় একটি মাটির ঘর ধসে পড়েছে। আমিরাবাদ নতুন বাজার এলাকা ও পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি গ্রামও বর্তমানে পানির নিচে।
বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ-বিন-আব্দুল জানান, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।
উপজেলা প্রশাসন থেকে জরুরি সহায়তার জন্য নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে- উপজেলা প্রশাসন: ০১৮৭১০৯৯৬২৩, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা: ০১৭৫৫৯৬৬৩৪৪, তহশিল টেকনিশিয়ান (আরিফ): ০১৮১২-৭৬৩০৮৩।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ















