চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

সর্বশেষ:

ভারী বর্ষণে বিদ্যুৎবিহীন বোয়ালখালী, প্লাবিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও

ভারী বর্ষণে বিদ্যুৎবিহীন বোয়ালখালী, প্লাবিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও

বোয়ালখালী সংবাদদাতা

৭ জুলাই, ২০২৬ | ৩:৪০ অপরাহ্ণ

টানা ভারী বর্ষণে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা গতকাল সোমবার থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এনিয়ে জনসাধারণ ক্ষোভ প্রকাশ করছেন। লাগাতার ভারী বর্ষণে প্লাবিত হয়েছে উপজেলার নিন্মাঞ্চল। এতে বিপর্যস্ত হয়েছে পড়েছে জনজীবন।

 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে অবিরাম বৃষ্টিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় হাঁটু পানিতে নিমজ্জিত হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ, ল্যাব, অফিসিয়াল প্রশাসনিক কক্ষ সমূহে পানি ঢুকে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর অভিভাবকেরা।

 

উপজেলার পশ্চিম গোমদণ্ডী, পশ্চিম শাকপুরা, ঘোষখীল, কধুরখীলের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দা।

 

গতকাল সোমবার রাত থেকে লাগাতার বৃষ্টি শুরু হওয়ার পর থেকে বোয়ালখালী উপজেলা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এনিয়ে জনসাধারণ ক্ষোভ প্রকাশ করছেন। বিদ্যুৎ না থাকায় অফিস, দোকানপাটের কার্যক্রমেও নেমে এসেছে স্থবিরতা।

 

পৌর সদরের বাসিন্দা মো.আজিজ বলেন, ‘এক দুর্বিষহ অবস্থায় দিনযাপন করছি। দুইদিন ধরে বিদ্যুৎ নেই। মোবাইলে চার্জ না থাকায় কারো সাথে জরুরি যোগাযোগও করতে পারছি না। শুধু বৃষ্টি বলে না কোনো না কোনো অজুহাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। অথচ মাস শেষ বিশাল অংকের বিলের বোঝা টানতে হয় গ্রাহকদের।’

 

সকালে আরাকান সড়কের নয়া রাস্তার মাথা এলাকায় একটি গাছ উপড়ে পড়লে যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি টিম গাছ কেটে যান চলাচল স্বাভাবিক করে।

 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, ‘সকালে একটি গাছ পড়ে আরাকান সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলো। সেটি সরিয়ে নেওয়া হয়েছে।’

 

পৌর প্রশাসক কানিজ ফাতেমা জানান, পৌর এলাকার কয়েকটি জায়গায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। ওই এলাকা সমূহে পানি নিষ্কাশনের পথ পরিস্কারে পৌরকর্মীরা কাজ করছে।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, ‘উপজেলায় এখন অবধি বড় ধরণের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট