চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা

৭ জুলাই, ২০২৬ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র মঙ্গলবার (৭ জুলাই) থেকে আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 

মঙ্গলবার (৭ জুলাই) বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়াজনিত এই পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে জরুরি বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।

 

এদিকে প্রবল বর্ষণে থানচি ও আলীকদম উপজেলায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। থানচির তিন্দু এলাকায় পাহাড়ি ঢলের স্রোতে সোমবার একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলীকদমে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কিছু ফসলহানি হয়েছে এবং ঘরবাড়ি ডুবে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট