চট্টগ্রাম সোমবার, ০৬ জুলাই, ২০২৬

সর্বশেষ:

অস্ট্রেলিয়ার নারী পর্যটককে ধর্ষণচেষ্টা: ৩ জনের ১০ বছর করে কারাদণ্ড

অস্ট্রেলিয়ার নারী পর্যটককে ধর্ষণচেষ্টা: ৩ জনের ১০ বছর করে কারাদণ্ড

কক্সবাজার সংবাদদাতা

৬ জুলাই, ২০২৬ | ১০:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারে বেড়াতে আসা অস্ট্রেলিয়ার নাগরিক এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার মামলায় তিন আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (৬ জুলাই) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকেয়া আক্তার এই রায় ঘোষণা করেন।

 

দণ্ডিতরা হলেন—রামুর পেঁচার দ্বীপ এলাকার মো. আনছারুল্লাহ (২৯), আবদুল গফুর (২৬) ও বেলাল উদ্দিন (৩৬)। অপরাধ প্রমাণিত না হওয়ায় কটেজ মালিক কাইয়ুমুল হক চৌধুরীকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

 

মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সালের ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার নাগরিক অ্যালিসা ব্রুক এলিয়ট রামুর পেঁচার দ্বীপের ‘গুড ভাইব কটেজে’ ওঠেন। ১৬ ডিসেম্বর গভীর রাতে আসামিরা মূলত চুরির উদ্দেশ্যে কটেজে ঢুকে ঘুমন্ত অবস্থায় ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারী চিৎকার শুরু করলে আসামিরা পালিয়ে যায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে পুলিশের সহায়তা নেন। এই ঘটনায় হিমছড়ি পুলিশ ফাঁড়ির তৎকালীন উপপরিদর্শক (এসআই) স্বরূপ কান্তি দাশ বাদী হয়ে রামু থানায় মামলা করেছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট